ইথারনেট নেটওয়ার্ক/ Ethernet Network
সবচেয়ে জনপ্রিয় নেটওয়ার্ক আর্কিটেকচার হলো ইথারনেট। আপনি যদি কোনো নেটওয়ার্ক দেখে থাকেন তাহলে সেটি ইথারনেট নেটওয়ার্ক হওয়ার সম্ভাবনা ৯৯%। প্রথম ১৯৬০ সালে হাওয়াই বিশ্ববিদ্যালয়ে তৈরি হয় ALOHA নেটওয়ার্ক যা CSMA/CD একসেস মেথড ব্যবহার করে। এটিকেই বলা যেতে পারে প্রথম ইথারনেট নেটওয়ার্ক। এরপর বিভিন্ন সময়ে এর পরিবর্ধন ঘটেছে।
১৯৭২ সালে জেরক্স পার্ক (Xerox PARC) এর রবার্ট মেটাকাফ এবং ডেভিড বফস এই ক্যাবলিং ও সিগন্যালিং স্কীম বাস্তবায়ন করেন, এবং ১৯৭৫ সালে তারা প্রথম ইথারনেট প্রডাক্ট প্রবর্তন করেন। এই ইথারনেট নেটওয়ার্ক ১০০ টিরও বেশি কম্পিউটার নিয়ে এক কিলোমিটার জুড়ে নেটওয়ার্ক গড়ে তুলতে পারত যার গতি হতো ৩ এমবিপিএস।
ডিজিট্যাল ইকুইপমেন্ট কর্পোরেশন, ইন্টেল এবং জেরক্স যৌথ প্রচেষ্টায় এই নেটওয়ার্ককে উন্নত করে এর গতি ১০ এমবিপিএস করে। এটির উপর ভিত্তি করেই গড়ে ওঠে IEEE 802.3 স্ট্যান্ডার্ড। ১৯৯০ সালে IEEE 802.3 স্ট্যান্ডার্ডে ট্যুইস্টেড পেয়ার ক্যাবল ব্যবহার করে ইথারনেট গড়ার নিয়ম সম্পর্কে বলা হয়।
ইথারনেট খুবই সাধারণ একটি নেটওয়ার্ক। এটি বাস কিংবা স্টার টপোলজি এবং একসেস মেথড হিসেবে ক্যারিয়ার সেন্স মাল্টিপল একসেস উইথ কলিশন ডিটেকশন বা CSMA/CD ব্যবহার করে।

Post a Comment